ঢাকায় গ্রেপ্তার খুলনার বি-কোম্পানির শ্যুটার ইমরানসহ ৫ জন

অপরাধ আইন ও আদালত সারাদেশ

 

 #বি_কোম্পানি #গ্রেপ্তার #মোহাম্মদপুর #অপরাধসংবাদখুলনার আলোচিত সন্ত্রাসী গ্রুপ বি-কোম্পানির প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী ও শ্যুটার হিসেবে পরিচিত ইমরানসহ পাঁচজনকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে এসআরবি। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) ভোর ৩টা ৫০ মিনিটে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৬ ও এসআরবি-২-এর যৌথ দল এ অভিযান পরিচালনা করে। এসআরবি-৬-এর মিডিয়া সেল বিষয়টি জানিয়েছে।

গ্রেপ্তার ইমরানের (৪০) বিরুদ্ধে খুলনায় হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার অন্য চারজন হলেন ইমন খান (২১), মো. আল আমিন (২০), রফিকুল ইসলাম (২১) ও হানিফ সিকদার (১৯)। তাঁদের সবার বাড়ি খুলনার রূপসা উপজেলায়।

এসআরবি-৬-এর মিডিয়া সেল জানায়, ইমরান খুলনার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী। তিনি বি-কোম্পানির সক্রিয় সদস্য এবং গ্রুপটির মাদক সরবরাহের অন্যতম হোতা হিসেবে পরিচিত।

খুলনা আদালত চত্বরে আলোচিত জোড়া খুন, রূপসায় দেড় মাসের ব্যবধানে সংঘটিত বাবা-ছেলে হত্যা, খুলনা সদর থানার অস্ত্র মামলা এবং গোপালগঞ্জ সদর থানার মাদক মামলাসহ একাধিক ঘটনায় ইমরান ও তাঁর সহযোগীদের সংশ্লিষ্টতার তথ্য রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এ ছাড়া খুলনা মহানগরী এবং জেলার রূপসা, তেরখাদা ও দিঘলিয়া এলাকায় বি-কোম্পানির চাঁদাবাজি, মাদক ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তাঁদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

অভিযানকালে তাঁদের তল্লাশি করে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী অস্ত্র ও গুলিগুলো জব্দ করা হয়।

এসআরবি জানায়, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।