রাজধানীর বিভিন্ন এলাকার দেয়ালে আবারও দেখা মিলেছে রহস্যময় গ্রাফিতির। স্টেনসিলের মাধ্যমে আঁকা এসব গ্রাফিতিতে রয়েছে ইংরেজিতে লেখা দুটি বার্তা। প্রতিটির নিচেই ছোট অক্ষরে লেখা ‘NAN’। তবে এই NAN-এর অর্থ কী, কারা এসব গ্রাফিতি আঁকছে কিংবা এর পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মতিঝিল, ইত্তেফাক মোড়, নটর ডেম কলেজের দেয়াল, বেইলি রোড, কাকরাইল, রমনা ও শিল্পকলা একাডেমি এলাকায় এসব গ্রাফিতি দেখা গেছে।
এর আগে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে ‘NAN’ নামটি। অনলাইনে শুরু হওয়া সেই আলোচনা এবার রাজধানীর বিভিন্ন দেয়ালে গ্রাফিতি আকারে দৃশ্যমান হওয়ায় নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।
দেয়ালে আঁকা গ্রাফিতিতে দুটি বার্তা দেখা যায়। একটিতে লেখা রয়েছে, ‘NOBODY WAS HERE.’ অর্থাৎ, ‘এখানে কেউ ছিল না’। লেখাটির ওপরে রয়েছে গম্বুজ বা টুপির মতো দেখতে একটি কালো প্রতীক।
অন্য গ্রাফিতিতে লেখা, ‘ARE YOU AWAKE?’ অর্থাৎ, ‘তুমি কি জেগে আছো?’ এর ওপরে রয়েছে পাপড়িসহ বন্ধ চোখের একটি প্রতীক। দুটি বার্তার নিচেই রয়েছে ‘NAN’ লেখা।
সামাজিক যোগাযোগমাধ্যমে NAN নিয়ে আলোচনার সময় কেউ কেউ দাবি করেন, এটি বাংলাদেশের একটি ছোট ‘ডিপ স্টেট’। তাঁদের ধারণা, এমন একটি গোষ্ঠী পর্দার আড়াল থেকে দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্তে প্রভাব বিস্তার করে।
তবে এই দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো যাচাইযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। অনেকে বিষয়টিকে ষড়যন্ত্রতত্ত্ব হিসেবে দেখেছেন। আবার কেউ কেউ NAN-এর নামের সঙ্গে ‘কিছুই না’ বা নিছক প্রচারণার বিষয়টি যুক্ত করে মন্তব্য করেছেন।
এখন পর্যন্ত NAN-এর পূর্ণরূপ কী, এর পেছনে কোনো ব্যক্তি, শিল্পীগোষ্ঠী নাকি সংগঠন রয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি কেউ প্রকাশ্যে এসব গ্রাফিতির দায়ও স্বীকার করেনি।
তবে রাজধানীর দেয়ালে রহস্যময় ও বেনামি বার্তা ছড়িয়ে দেওয়ার ঘটনা নতুন নয়। কয়েক বছর আগে ঢাকার বিভিন্ন দেয়ালে দেখা গিয়েছিল ‘হবেকি’ লেখা গ্রাফিতি। সে সময় এসব স্ট্রিট আর্টকে সামাজিকভাবে দ্ব্যর্থক ও রাজনৈতিকভাবে অস্পষ্ট বার্তা হিসেবে বর্ণনা করা হয়েছিল।
এর আগে ২০১৭ সালে আলোচনায় আসে ‘সুবোধ’ সিরিজের গ্রাফিতি। এসব গ্রাফিতি ঘিরে সে সময় ব্যাপক কৌতূহল তৈরি হয়েছিল। গ্রাফিতিগুলোকে সরকারবিরোধী হিসেবে বিবেচনা করে শিল্পীকে শনাক্ত করতে তদন্তও শুরু করেছিল একটি গোয়েন্দা দল।
শুধু বাংলাদেশেই নয়, সুবোধ সিরিজের প্রভাব ছড়িয়ে পড়েছিল ভারতের পশ্চিমবঙ্গেও। এর অনুপ্রেরণায় যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এলাকায় একই ধরনের গ্রাফিতি আঁকা হয়েছিল।
ফলে নতুন করে রাজধানীর দেয়ালে NAN লেখা গ্রাফিতির উপস্থিতি ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এটি নিছক স্ট্রিট আর্ট, কোনো শিল্পীর বার্তা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য—তা জানতে অপেক্ষা করতে হবে সংশ্লিষ্টদের পরিচয় ও বক্তব্য সামনে আসা পর্যন্ত।

