কুমিল্লায় পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬২ নেতাকর্মীসহ মোট ১৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
রোববার (২৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপি, জামায়াত ও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানের অনুসারীরা এ ঘটনায় জড়িত ছিলেন বলে জানা গেছে।
এ সময় মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার ও গাছে আগুন দিয়ে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে রাত পৌনে ১১টা পর্যন্ত মহাসড়কের উভয় লেনে যান চলাচল ব্যাহত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। পরে পুলিশ, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা সড়কে অবস্থান নিলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় মহাসড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
এ ঘটনার পর কুমিল্লা জেলা পুলিশের থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালায়। নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নয়জন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, জেলা পুলিশের নিয়মিত অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমের নির্দেশনায় গত ২৪ ঘণ্টায় জেলাজুড়ে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও ৬২ নেতাকর্মীসহ বিভিন্ন অপরাধে মোট ১৯৭ জনকে গ্রেপ্তার করা হয়।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই এবং সংশ্লিষ্টতা বিবেচনায় ১৩৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে, ৫৮ জনকে মুচলেকার মাধ্যমে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং নাশকতাসহ সব ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বলে জানান তিনি।

