মারা গেছেন সাবেক রাষ্ট্রদূত ড. এম. আফসারুল কাদের, কুলখানি

শরীর ও স্বাস্থ্য সারাদেশ

বরেণ্য কূটনীতিক ও সাবেক রাষ্ট্রদূত ড. এম. আফসারুল কাদের আর নেই। গত ২৮ নভেম্বর রাত ২টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

মরহুমের কুলখানি আগামীকাল মঙ্গলবার (১ ডিসেম্বর) বাদ আসর রাজধানীর ধানমন্ডির ৭ নম্বর রোডের ১১ নম্বর বাড়িতে অনুষ্ঠিত হবে। এ আয়োজনে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত হয়ে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।

ড. এম. আফসারুল কাদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর চার ভাই বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তাঁদের মধ্যে দুজন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ হন। তাঁর আরেক ভাই আকরামুল কাদেরও বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত।

পেশাগত জীবনে পুরকৌশলী ড. কাদের ১৯৬৯ সালে তৎকালীন পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দেন। স্বাধীনতার পর বাংলাদেশ সরকারের পররাষ্ট্র বিভাগে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পদমর্যাদায় অবসর গ্রহণ করেন তিনি।

দীর্ঘ কূটনৈতিক জীবনে আঙ্কারা, রোম, জেদ্দা, ব্রাসেলস, নিউইয়র্ক ও ইসলামাবাদে বাংলাদেশের বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক ছিলেন। পরে কেনিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এবং ইন্দোনেশিয়ায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। জাতিসংঘের হিউম্যান সেটেলমেন্ট কমিশন (হ্যাবিট্যাট) এবং গ্রুপ অব ৭৭-এর (জি-৭৭) নাইরোবি চ্যাপ্টারের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

১৯৮৬ সালে যুক্তরাষ্ট্রের টাফ্টস ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসি থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ড. কাদের। এ সময় সমুদ্র আইন বিষয়ে বিশেষায়িত গবেষণাও করেন তিনি।

কূটনৈতিক দায়িত্বের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ড. আফসারুল কাদের। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) ভাইস প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া কাল্টিমেক্স এনার্জি বাংলাদেশ ও সানি সোলার লিমিটেডের জ্যেষ্ঠ উপদেষ্টা ছিলেন।

তিনি ফরেন সার্ভিস একাডেমিতে অধ্যাপনা করেছেন। পাশাপাশি প্রতিষ্ঠালগ্ন থেকে এক্সেল একাডেমির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী এক্সেল একাডেমির প্রিন্সিপাল জিনাত আফসানা কাদের এবং দুই কন্যাসন্তান রেখে গেছেন।

গত শনিবার (২৮ নভেম্বর) বাদ জোহর রাজধানীর ধানমন্ডিতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।