আবারও গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

রাজধানী সারাদেশ

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের নাওজোর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এর আগে মৌচাক,চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ মোড়সহ বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করেন শ্রমিকরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেন।

এদিকে, মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনের সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ক্ষয়ক্ষতির ঘটনায় গাজীপুরে তিনটি মামলা হয়েছে। সোমবার (২ নভেম্বর) কোনাবাড়ী,বাসন ও কালিয়াকৈর থানায় পুলিশের করা এসব মামলায় প্রায় ৩ হাজার ৬০০ জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো.আমজাদ হোসাইন তিনটি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে গ্রেপ্তারের সংখ্যা সম্পর্কে তাঁর বক্তব্যে ৩০ জনের কথা উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, বেতন বাড়ানোর দাবিতে গত দুই সপ্তাহ ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও আন্দোলন করে আসছেন। এতে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় উত্তেজনা ও অস্থিরতা বিরাজ করছে।