ক্ষমতায় গেলে ফারাক্কা ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি : মির্জা ফখরুল

ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ইস্যুতে গুরুত্ব দেবে : ফখরুল

রাজনীতি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিবেশী দেশের সঙ্গে সমতার সম্পর্ক থাকবে; দাদাগিরির সুযোগ নেই। ক্ষমতায় গেলে ফারাক্কা ইস্যুতে ও পদ্মা-তিস্তার পানি বণ্টন গুরুত্ব দেবে বিএনপি।

শনিবার (১৫ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, প্রত্যেক দেশ তার নিজের স্বার্থ দেখবে- এটাই স্বাভাবিক। তবে, নির্বাচিত সরকার না থাকলে দাবি আদায় সম্ভব হয় না। বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টনকে গুরুত্ব দেবে।

এদিন চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত গণসমাবেশে যোগ দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ-ভারতের অভিন্ন নদী পদ্মার ন্যায্য পানি বণ্টন নিশ্চিতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রত্যেক উপজেলায় কর্মসূচি পালিত হয়েছে। ২ নভেম্বর শহীদ সাটু হলে মতবিনিময় সভার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর প্রতিটি উপজেলায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় শনিবার জেলা পর্যায়ের গণসমাবেশের আয়োজন করা হয়েছে।

আরোও পড়ুনঃ আ.লীগ ফেসবুকভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে : প্রেস সচিব