নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র রায় ও আমানউল্লাহ আমান

রাজনীতি সারাদেশ

নতুন দায়িত্ব পেয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ঢাকা-৩ ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমানউল্লাহ আমান । জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে গয়েশ্বর চন্দ্র রায়কে । জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত আমানউল্লাহ আমান ।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয় ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়।

প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি পুনর্গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করলে তা গ্রহণ করা হয়। এর মধ্য দিয়ে গয়েশ্বর চন্দ্র রায় কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির নতুন দায়িত্ব পেলেন।

পুনর্গঠিত কমিটির সদস্যরা হলেন-ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবীর তালুকদার, ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, মহিলা আসন-১৪-এর সংসদ সদস্য মোছা. সাবিরা সুলতানা, যশোর-৪ আসনের সংসদ সদস্য মো. গোলাম রছুল এবং রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী।

অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আমানউল্লাহ আমান ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন ইয়াসের খান চৌধুরী (ময়মনসিংহ-৯), মো. আশরাফ উদ্দিন (নরসিংদী-৫), মো. মোস্তাফিজুর রহমান বাবুল (জামালপুর-৩), মো. মজিবুর রহমান (গাজীপুর-১), নিলোফার চৌধুরী মনি (সংরক্ষিত মহিলা আসন-১০), ফাহমিদা হক (সংরক্ষিত মহিলা আসন-১৮), মো. শফিকুল ইসলাম (পটুয়াখালী-২) এবং মোসা. নাজমুন নাহার (সংরক্ষিত মহিলা আসন-৪০)।