আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার অনলাইনে ফরম পূরণ। ২৩ নভেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ চলবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ উন্নয়ন ও বহিষ্কৃত পরীক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশ নিয়ে উত্তীর্ণ হলেও জিপিএ-৫-এর কম পাওয়া শিক্ষার্থীরা নিবন্ধনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়নের সুযোগ পাবেন। এ জন্য তাদের সব বিষয়ে পূর্ণাঙ্গ ২০২৬ খ্রিষ্টাব্দের সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে হবে।
এ ছাড়া আগামী বছরের (২০২৭ সাল) এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ নিয়ে নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে পরীক্ষার্থীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে কিছু নির্দেশনা শিক্ষার্থীদের জন্য জানা জরুরি।
কেবল ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫-এর কম পেয়েছে এমন পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে ২০২৭ সালের পরীক্ষায় জিপিএ উন্নয়নের জন্য অংশগ্রহণ করতে পারবে।
তাদের সব বিষয়ে পূর্ণাঙ্গ (২০২৬) সালের সিলেবাসে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ২০২৭ সালের পরীক্ষায় পাওয়া ফলাফলে জিপিএ উন্নয়ন হলে তা গ্রহণ করা হবে। অন্যথায় পূর্বের জিপিএ বহাল থাকবে।
জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীকে পূর্বের পরীক্ষার প্রবেশপত্র এবং একাডেমিক ট্রান্সক্রিপ্টের সত্যায়িত ফটোকপি প্রিন্ট কপির সঙ্গে জমা দিতে হবে।
বহিষ্কৃত পরীক্ষার্থী
বহিষ্কৃত পরীক্ষার্থীদের শাস্তির মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকলে এবং রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে তারা ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে। তাদের সব বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
চতুর্থ বিষয়ের সুবিধা
২০২৩-২৪ ও ২০২৪-২৫ সালের রেজিস্ট্রেশনধারী পরীক্ষার্থীরা ২০২৫ ও ২০২৬ সালের পরীক্ষায় অংশগ্রহণ না করে থাকলে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৭ সালে চতুর্থ বিষয়সহ সব বিষয়ে পরীক্ষা দিতে পারবে।
২০২৩-২৪ এবং ২০২৪-২৫ সালের রেজিস্ট্রেশনধারী পরীক্ষার্থীরা যারা ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশগ্রহণ করে চতুর্থ বিষয়ে উত্তীর্ণ হয়েছে এবং এক থেকে চার বিষয়ে অকৃতকার্য হয়েছে তারা ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় আগের অকৃতকার্য বিষয়ে অংশগ্রহণ করে উত্তীর্ণ হলে ৪র্থ বিষয়ের সুবিধা পাবে।

