ভারত থেকে ২০০টি নতুন কোচ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পাবনার ঈশ্বরদী রেলওয়ে লোকোমোটিভ ডিজেল কারখানা এবং ঈশ্বরদী ‘জংশন স্টেশন’ পরিদর্শন শেষে এ তথ্য দেন তিনি।
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ রেলওয়ে লোকোমোটিভ ও কোচের ঘাটতিতে ভুগছে। ভারত থেকে একটি প্রকল্পের মাধ্যমে ২০০ কোচ নিয়ে আসার কথা রয়েছে। ডিজাইনগুলো ফাইনাল করেছি, তারপর তারা বানিয়ে আমাদের দেবে। তারা এ বছরের শেষে ২০টি এবং আগামী বছরের মার্চ মাসে আরও ২০টি কোচ দেবে। এভাবে ধাপে ধাপে ২০০ কোচ আসবে।
তিনি আরও বলেন, একটা ট্রেন চালাতে অনেক ধরনের কোচ লাগে। শুধুই এসি কোচ কিংবা শোভন চেয়ার দিয়ে তো ট্রেন চলে না। তাই কোচগুলো আসলেই আমরা পাবনা-ঢাকা রুটে একটি ট্রেন চালানো শুরু করতে পারব।
রেলপথ সচিব বলেন, বাংলাদেশ রেলওয়ে একটি লোকসানি খাত। এটা ঠিক রেলওয়ে সেবাধর্মী প্রতিষ্ঠান সরকারের। আমরা মানুষকে সেবা দিচ্ছি। রেলওয়েতে কন্টেইনার এবং মালবাহী ট্রেন চালিয়ে সরকারের কিছু রাজস্ব আসে। আমাদের রেলওয়ের বিভিন্ন প্রতিষ্ঠানে এখন পর্যাপ্ত শ্রমিক সংকট আছে, কোচ স্বল্পতা আছে, লোকোমোটিভ স্বল্পতা আছে, আমরা চেষ্টা করছি সমস্যা সমাধানের।
আরোও পড়ুনঃ সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্তে নেমেছে পুলিশ ; সাগির হত্যাকান্ড

