ডিসেম্বরে চালু হচ্ছে ২০০ শয্যার পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতাল

জাতীয় শরীর ও স্বাস্থ্য সারাদেশ

চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেশে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু হচ্ছে। খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে এবং কুমিল্লা জেলায় একটি করে ২০০ শয্যার হাসপাতাল চালু করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে হাসপাতালগুলোর উদ্বোধন করবেন।

নির্মাণকাজ শেষ হওয়ার পরও প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে দীর্ঘদিন ধরে অব্যবহৃত ছিল হাসপাতালগুলো। এগুলো চালু হলে ঢাকার বাইরে শিশুদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে। পাশাপাশি গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য রাজধানীমুখী নির্ভরতা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

পাঁচটি হাসপাতালের জন্য মোট ১ হাজার ৪৪০টি পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে রয়েছে উপপরিচালকের ৫টি, সহকারী পরিচালকের ৫টি, সিনিয়র কনসালট্যান্টের ১০০টি, জুনিয়র কনসালট্যান্টের ২০০টি এবং আবাসিক চিকিৎসকের ১০টি পদ। এ ছাড়া আবাসিক সার্জনের ১৫টি, আবাসিক মেডিক্যাল অফিসারের ৫টি, মেডিক্যাল অফিসারের ৩২৫টি, সহকারী ডেন্টাল সার্জনের ১০টি, ইমার্জেন্সি মেডিক্যাল অফিসারের ২০টি এবং অ্যানেসথেসিস্টের ২০টি পদ রাখা হয়েছে।

হাসপাতালগুলোর কার্যক্রম দ্রুত শুরু করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পাঁচটি প্রতিষ্ঠানে উপপরিচালক পদে কর্মকর্তা পদায়ন করেছে। মঙ্গলবার স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ পদায়নের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী শিশু হাসপাতালের উপপরিচালক হিসেবে ডা. মো. বেলাল হোসেন, বরিশাল শিশু হাসপাতালে ডা. মো. মজিবর রহমান, রংপুর শিশু হাসপাতালে ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লা শিশু হাসপাতালে ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনা শিশু হাসপাতালে ডা. শওকত আলীকে পদায়ন করা হয়েছে। তাঁদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিটি বিশেষায়িত শিশু হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ), কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভবিষ্যতে সম্প্রসারণের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি থাকবে বড় পরিসরের আইসিইউ ইউনিট। শয্যাসংখ্যা ও চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর সুযোগ রেখেই হাসপাতালগুলোর অবকাঠামো নির্মাণ করা হয়েছে।

হাসপাতালগুলোর আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম কেনার দরপত্র প্রক্রিয়াও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ২০০ শয্যার হাসপাতাল চালুর জন্য প্রয়োজনীয় নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে মেশিন, পোর্টেবল এক্স-রে, মাল্টিপ্যারামিটার বা কার্ডিয়াক মনিটর এবং ফটোথেরাপি মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি পৌঁছে দেওয়া হয়েছে।

এর আগে গত ১০ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এক জরুরি বৈঠকে দেশের ছয় বিভাগে অব্যবহৃত পড়ে থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে হাসপাতালগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন জমা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। এরপরই হাসপাতালগুলো চালুর প্রক্রিয়া জোরদার হয়।

গত ৩১ অক্টোবর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার সাংবাদিকদের জানান, চলতি বছরের শেষ দিকে প্রধানমন্ত্রী পাঁচটি শিশু হাসপাতাল একযোগে উদ্বোধন করবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য নতুন পদ সৃষ্টি এবং চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র কেনার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী হাসপাতালগুলোর উদ্বোধন ঘোষণা করবেন বলেও জানান তিনি।