ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে আবারও পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে মিরপুর-১০ এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
মিরপুর থানার ওসি হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘শ্রমিকরা রাস্তা অবরোধ করতে এসেছিল, আমরা তাদের সরিয়ে দিয়েছি।’
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ারশেল ছোড়ে। একপর্যায়ে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। এ ঘটনায় মিরপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সড়কে লোকজনের চলাচল ও অবস্থান তদারকি করছে।
এদিকে একই দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সোমবার সকাল ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় তারা সড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন সকাল ৮টা ২৬ মিনিটে জেলা প্রশাসকের মিডিয়া সেল গ্রুপে পাঠানো খুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শ্রমিকদের আন্দোলন টানা চতুর্থ দিনে গড়িয়েছে। সোমবার সকাল থেকে কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভে অংশ নেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অর্ধশতাধিক যানবাহন ও দোকানপাটে ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানা গেছে।
সকাল সাড়ে ৮টার দিকে শুরু হওয়া বিক্ষোভের মধ্যে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে এলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলন ও ভাঙচুরের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, পল্লীবিদ্যুৎ, সফিপুর ও হরিণহাটি এলাকার আশপাশের শিল্পকারখানাগুলো বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এর আগে রোববার রাজধানী ঢাকা ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সড়কে নামেন পোশাকশ্রমিকেরা। সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। সহিংসতায় কয়েকটি এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এর মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার। রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
এদিকে, পুলিশের তথ্য অনুযায়ী, মিরপুর-১০, ১১ ও আশপাশের এলাকা থেকে নাশকতার পরিকল্পনা এবং সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ডিবির মিরপুর বিভাগ ১১ জনকে আটক করেছে।
এ ছাড়া সহিংসতার পর মিছিল বের করার প্রস্তুতির সময় ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগ আরও ১৭ জনকে আটক করেছে।

