তিন দফা দাবিতে আজও শাহবাগ মোড় অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (২৭ আগস্ট) বেলা সোয়া ১১টায় শুরু হওয়া কর্মসূচির কারণে শাহবাগমুখী চারটি সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (রুয়েট) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৌশলের শিক্ষার্থীরা লংমার্চ করে যোগ দেবেন। পরবর্তীতে তারা সেখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাবেন।
এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় শাহবাগ মোড় অবরোধ করেন বুয়েটসহ বিভিন্ন বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রায় পাঁচ ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রাত ৮টায় তারা সরে যান। এরপর ওই সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
তাদের দাবিগুলো-
১। ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।
২। টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে।
৩। ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। নন এক্রিডেট বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে IEB-BAETE এক্রিডেশনের আওতায় আনতে হবে।

