কেরানীগঞ্জে ৪ কোটি ৬২ লাখ টাকার ১৯ স্বর্ণের বারসহ ৩ আটক

অপরাধ কেরানীগঞ্জ সারাদেশ

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঝিলমিল অংশে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৬২ লাখ টাকা মূল্যের ১৯টি স্বর্ণের বারসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন মেহেদী হাসান (২৫), রিয়াজ রাকিব (২০) ও তাদের এক সহযোগী। জানা যায়, আটককৃতদের সবার বাড়ি যশোর জেলার শার্শা থানাধীন এলাকায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম জানান, স্বাভাবিক টহলরত টিম দুইজন পথচারীকে সন্দেহ হলে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার আনুমানিক বর্তমান বাজার মূল্য প্রায় ৪ কোটি ৬২ লাখ ৮৬ হাজার টাকা।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বর্ণগুলো অবৈধভাবে বহন করছিল বলে স্বীকার করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।