নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে (১৪ নভেম্বর) মামলা হওয়ার পর চট্টগ্রাম নগরের সিএমপির অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের অভিযোগ, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন জাহাঙ্গীর আলম। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়।
চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি করেছেন। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চেয়ে আবেদন পাঠানো হয়েছিল। গতকাল সেই অনুমতি পাওয়ার পর মামলা করা হয়।
এর আগে গত মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী তার কার্যালয়ে জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন।
তার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক কিছু তথ্য পাওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়। সেদিনই জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করা হয়। পরে ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় পাঠানো হয়।

