বোরকার নিচে পেটে কসটেপে বাঁধা গাঁজা, ২ নারী গ্রেপ্তার

অপরাধ সারাদেশ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পেটে কসটেপ পেঁচিয়ে গাঁজা পাচারের সময় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) তাদের আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার দেউস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের দেউস এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় সন্দেহজনক দুই নারীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার হয়। তারা বোরকার নিচে পেটে কসটেপ পেঁচিয়ে গাঁজা বহন করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি এলাকার ফাতেমা আক্তার ওরফে মিথিলা মনি (২৮) এবং নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকার জান্নাতুল ফেরদৌস ওরফে মায়া (২৪)।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ফাতেমা আক্তারের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া ও কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা বিচারাধীন রয়েছে। অন্যদিকে জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে ঢাকার চকবাজার ও মুন্সীগঞ্জের গজারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, এ ঘটনায় গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।