যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ ও জেলা জজ আদালতের প্রাচীরে ককটেল বিস্ফোরণের মামলায় আরও ৮ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
আটককৃত ব্যক্তিরা হলেন, শহরের ষষ্ঠীতলার মৃত হাফিজুর ইসলাম মরার ছেলে হৃদয় ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শেখহাটির কাজী আলমগীর হোসেন, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, আওয়ামী লীগের সদস্য শহিদুজ্জামান সেলিম, চাঁচড়া রায়পাড়ার খাইরুজ্জামান বাপ্পী, চাঁচড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাদশা ফয়সাল, খোলাডাঙ্গার আজিজুল ইসলাম ও তালবাড়িয়া গ্রামের সোহেল রানা।
এ ছাড়া গত ১ নভেম্বর লালদীঘির পাড় এলাকায় যুবলীগের মিছিলের ঘটনায় মণিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের আক্তারুজ্জামান শিবলিকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর রাত আটটার দিকে যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে ও মুজিব সড়কের জেরা জজ আদালতের দেয়ালে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় পরের দিন ২১ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করে পুলিশ। বৃহস্পতিবার রাত ও শুক্রবার দিনব্যাপী অভিযান চালিয়ে এ মামলায় ৮ জনকে আটক করা হয়। শনিবার বিকেলে আটককৃতদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।a

