ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও নবাবগঞ্জে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠনের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. নজরুল ইসলাম সরকার (৫২) ও মো. সাইদুল ইসলাম শাহীন (৪৮)। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নজরুল ইসলাম সরকার কেরানীগঞ্জ মডেল থানা শাখা আওয়ামী তাঁতী লীগের সাধারণ সম্পাদক এবং সাইদুল ইসলাম শাহীন বক্সনগর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার নবাবচর এলাকায় অভিযান চালিয়ে নজরুল ইসলাম সরকারকে গ্রেপ্তার করা হয়। তিনি নবাবচর এলাকার বাসিন্দা।
অন্যদিকে, একই দিন রাত ১১টার দিকে নবাবগঞ্জ থানার বক্সনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাইদুল ইসলাম শাহীনকে গ্রেপ্তার করা হয়। তিনি বক্সনগর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে এসআই ইয়াকুব আলী ও এসআই মহরম আলীর নেতৃত্বে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর দুটি দল অংশ নেয়।
ঢাকা জেলা ডিবি দক্ষিণের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা মামলা রয়েছে। মামলা নম্বর-৩৬, তারিখ ১০ জুন ২০২৬। মামলাটি সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী/২০১৩)-এর ৬(১)(ক)-এর (ই)/(ঈ), ১০, ১২ ও ১৩ ধারায় দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর নজরুল ইসলাম সরকার ও সাইদুল ইসলাম শাহীনকে ওই মামলায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

