দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

অপরাধ সারাদেশ

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতামূলক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ—বেবিচক।

একই সঙ্গে বিমানবন্দরগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

নির্দেশনা অনুযায়ী, বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে ল্যান্ডসাইড এলাকার নজরদারি ও সার্বক্ষণিক নিরাপত্তা টহল। পাশাপাশি বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে কঠোর তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষ করে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তা নিশ্চিতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন—এপিবিএনকে বিশেষ নির্দেশনা দিয়েছে বেবিচক। ওই এলাকায় টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি যানবাহন তল্লাশিতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

এ ছাড়া বিমানবন্দর থানাকেও আশপাশের এলাকায় পুলিশের টহল জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না, সেসব বিমানবন্দরেও রাতের বেলায় নিরাপত্তা টহল ও নজরদারি অব্যাহত রাখার নির্দেশনা রয়েছে।

অন্যদিকে, বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় নিরাপত্তা নজরদারি আরও কার্যকর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা নজরদারি ব্যবস্থার আওতায় বিমানবন্দর এলাকাকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

পাশাপাশি ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনও নিজস্ব উদ্যোগে ক্যামেরা স্থাপনের পরিকল্পনা করছে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা তৎপরতা বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।