নাজিরাবাগে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ

অপরাধ আমার ইউনিয়ন কেরানীগঞ্জ শুভাড্যা

 

আরিফ খান:
কেরাণীগঞ্জের নাজিরাবাগে ‘মাগুর মাছের গাড়া’ নামক এলাকায় পরকীয়া সম্পর্কের জেরে সুইটি নামের এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত স্বামী নাসির ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গৃহবধূর স্বামীর সঙ্গে অন্য নারীদের পরকীয়া সম্পর্ক রয়েছে বলে অভিযোগ ছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ ও বাকবিতণ্ডা হতো। সর্বশেষ ঘটনার দিন পারিবারিক বিরোধের জেরে মারধর ও শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন নিহতের স্বজনরা।

জানা যায়, গতকাল ২২ নভেম্বর অভিযুক্ত নাসির তার কর্মচারীদের ডেকে সুইটিকে রিকশা যোগে পরিচর্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে হাসপাতাল কর্তৃপক্ষকে জানায় সুইটি ফ্যানে ঝুলে সুইসাইডের চেষ্টা করেছিলো এবং তার মা এসে চিকিৎসা করাবে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সুইটিকে মৃত জানালে নাসির পালিয়ে যায়।

​খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। কেরানীগঞ্জ দক্ষিণ থানার ওসি (তদন্ত) আজগর হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, উক্ত ঘটনায় কেউ কেউ আত্মহত্যার কথা বলেছেন আবার অনেকে হত্যার অভিযোগও করেছেন। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি। পরবর্তীতে এ বিষয়ে আইনগত ব্যাবস্থ্যা নেয়া হবে।