ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন সাদিক কায়েম। অন্যদিকে, ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
রোববার (২২ নভেম্বর) ভোরে নিজের ফেসবুক পোস্টে সাদিক কায়েম জানান, রাত সাড়ে ৩টার দিকে তার গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। ওই সময় বাড়িতে তার বাবা-মা অবস্থান করছিলেন।
সাদিকের অভিযোগ, দুর্বৃত্তরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ করে। পাশাপাশি ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরানোর চেষ্টা করে। তবে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় বাসিন্দারা তা নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
এদিকে, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রোববার (২২ নভেম্বর) বিবৃতি দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে। এতে বাড়ির আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার এ ঘটনাকে বর্বর তাণ্ডব, নাশকতা ও নৈরাজ্য আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তার দাবি, অতীতেও আওয়ামী লীগ হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ ও সহিংসতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে।
বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, জাতীয় নেতৃবৃন্দ, ছাত্রনেতা ও ডাকসু নেতাদের বাসাবাড়ি এবং আবাসস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থতা ও উদাসীনতার পরিচয় দিচ্ছে।
তিনি আরও বলেন, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাদের লক্ষ্য করে হামলা ও নাশকতার চেষ্টা প্রতিরোধে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত নিরাপত্তা ও বাসাবাড়ির সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান তিনি।
বিবৃতিতে সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।

