নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেঘলা পরিবহনের দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।
বুধবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার গোলাকান্দাইল রশিদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত ১০ জন দুর্বৃত্ত ঘটনাস্থলে আসে। পরে তারা মাসুমের গ্যারেজের সামনে সড়কে পার্কিং করে রাখা মেঘলা পরিবহনের দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনাও ঘটে বলে তাদের দাবি।
অগ্নিসংযোগের পর মুহূর্তের মধ্যেই বাস দুটিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাস দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
আগুনে ক্ষতিগ্রস্ত বাস দুটির মালিক শহিদুল আলম সাংবাদিকদের জানান, তাঁর বাস দুটি সংসদ সদস্য দিপু ভূঁইয়ার বাড়ির কাছাকাছি মাসুমের গ্যারেজে রাখা হতো।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

