বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর আমি নিজেই বুঝি না, জনগণ কি বুঝবে। দেশটাকে বাঁচান, বিভাজন সৃষ্টি করবেন না। গণভোট আর পিআর ছাড়া নির্বাচন হবে না, এসব দাবি দাওয়া- মিছিল করে তারা নির্বাচন ভণ্ডুল করতে চায়।
বুধবার (১৫ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর স্কুল মাঠে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পিআর নিয়ে তর্ক-বিতর্ক পার্লামেন্টে গিয়ে হবে। যেসব বিষয়ে দলগুলো একমত হবে, সেগুলোর ওপর জুলাই সনদে স্বাক্ষর হবে এবং বাকি মতের জন্য গণভোট হবে।’
দ্রুত নির্বাচন দেওয়ার অনুরোধ করে তিনি বলেন, ‘আমরা হিংসার রাজনীতি চাই না, হিন্দু-মুসলিম বিভেদ চাই না, সবাই মিলে শান্তিতে থাকতে চাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব।
নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, জনগণ যাকে ভোট দেবে তিনি নির্বাচিত হবেন। একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের মধ্যে থাকতে চাই।
ভুলে যাবেন না, আমাদের প্রতীক ধানের শীষ।’
সরকার পরিচালনার বিষয়ে তিনি বলেন, ‘অতীতে আমরা সরকারে ছিলাম, কিভাবে দেশ পরিচালনা করতে হয় জানি। বিএনপি নির্বাচিত হলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। স্বাস্থ্য ও শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

