বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে আপনি ঘুরেছেন কতটি? অনেকের কাছেই হয়তো এর সঠিক হিসাব নেই। কারও তালিকায় পাহাড়ি জেলা আছে, কারও স্মৃতিতে নদীঘেরা অঞ্চল, আবার কেউ হয়তো সমুদ্রের কাছাকাছি কয়েকটি জেলা ঘুরেই থেমেছেন। এবার নিজের ভ্রমণের সেই হিসাবটিই চোখের সামনে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে একটি ডিজিটাল ম্যাপে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি এমন একটি ‘ভ্রমণ ম্যাপ’ নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে। ভ্রমণপ্রেমীরা নিজেদের ঘুরে আসা জেলাগুলো চিহ্নিত করে তৈরি করছেন ব্যক্তিগত মানচিত্র, পরে সেটি শেয়ার করছেন ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে।
কয়েক ক্লিকেই নিজের ম্যাপ
‘আনসিন বাংলাদেশ’ প্ল্যাটফর্মে গিয়ে সহজেই তৈরি করা যায় এই ভ্রমণ ম্যাপ। আট বিভাগের ৬৪ জেলার তালিকা থেকে ব্যবহারকারী যে জেলাগুলো ঘুরেছেন, সেগুলো নির্বাচন করতে পারবেন। মানচিত্রে সরাসরি ক্লিক করেও জেলা চিহ্নিত করার সুযোগ আছে।
নির্বাচন শেষ হলে মোট কতটি জেলা ঘোরা হয়েছে, সেটিও দেখাবে প্ল্যাটফর্মটি। যেমন ১০টি জেলা ঘুরে থাকলে সেখানে দেখা যাবে ১০/৬৪।
সব জেলা একসঙ্গে নির্বাচন করার জন্য রয়েছে ‘সব বাছাই করুন’ অপশন। আর নতুন করে শুরু করতে চাইলে ব্যবহার করা যাবে ‘সব মুছুন’।
নিজের পছন্দে সাজানোর সুযোগ
শুধু জেলা চিহ্নিত করেই থেমে থাকতে হবে না। ম্যাপটি নিজের মতো করে সাজানোর ব্যবস্থাও রয়েছে। পাঁচ ধরনের রঙের থিমের পাশাপাশি নিজের নাম ও ছবি যোগ করার সুযোগ আছে। নাম না দিলে ম্যাপে স্বয়ংক্রিয়ভাবে ‘আমার বাংলাদেশ’ লেখা দেখাবে।
তৈরি করা ম্যাপ পিএনজি, জেপিজি অথবা পিডিএফ ফরম্যাটে সংরক্ষণ করা যায়। ফলে ভ্রমণের স্মৃতি হিসেবে রেখে দেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সহজে শেয়ার করা সম্ভব। একই প্ল্যাটফর্মে বিশ্বের বিভিন্ন দেশ ঘোরার হিসাব রাখার জন্য ‘বিশ্ব ভ্রমণ ম্যাপ’ তৈরির সুবিধাও রয়েছে।
শুধু ম্যাপ নয়, ভ্রমণের পরিকল্পনাও
প্ল্যাটফর্মটির ব্যবহার শুধু ভ্রমণের হিসাব রাখার মধ্যেই সীমাবদ্ধ নয়। এতে রয়েছে একটি ট্রিপ প্ল্যানার। বাংলাদেশের ৬৪ জেলার প্রায় ২৪০টির বেশি দর্শনীয় স্থান, যাতায়াতের মাধ্যম, সম্ভাব্য থাকা-খাওয়ার খরচসহ বিভিন্ন তথ্য এক জায়গায় দেওয়া হয়েছে।
সময়, বাজেট ও ভ্রমণসঙ্গীর সংখ্যা বিবেচনায় নিয়ে ব্যবহারকারী নিজের জন্য ভ্রমণসূচি তৈরি করতে পারেন। দুর্গম এলাকায় যাওয়ার ক্ষেত্রে সরকারি নির্দেশনার তথ্যও রাখা হয়েছে। এমনকি ভ্রমণ শেষে শুরুর জায়গায় ফিরে আসবেন কি না, সেটিও পরিকল্পনায় নির্ধারণ করা যায়।
পরিকল্পনা চূড়ান্ত করার পর সেটি প্রিন্ট অথবা পিডিএফ হিসেবেও সংরক্ষণ করা সম্ভব। অর্থাৎ যাত্রার আগে হাতে রাখা যায় পুরো ভ্রমণসূচি।
বাংলাদেশকে আরও ভালোভাবে জানার জন্য প্ল্যাটফর্মটিতে যুক্ত করা হয়েছে কুইজ ও ম্যাপ পাজল। এসবের মাধ্যমে দেশের বিভিন্ন জেলার ভূগোল, ঐতিহ্য ও দর্শনীয় স্থান সম্পর্কে জানার সুযোগও রয়েছে।
একসময় ভ্রমণের হিসাব হয়তো ডায়েরির পাতায় লেখা হতো। এখন সেই তালিকাই জায়গা করে নিচ্ছে ডিজিটাল মানচিত্রে। ৬৪ জেলার মধ্যে নিজের ভ্রমণের কতটা পথ পেরিয়েছেন, এই ম্যাপ হয়তো সেই হিসাবটিই নতুন করে দেখার সুযোগ করে দিচ্ছে।

