বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তবে কিছু সময় পর আবার বক্তব্য দিতে শুরু করেন তিনি।
এরপর আশপাশে থাকা নেতাকর্মীরা দ্রুত এসে তাকে উঠিয়ে দিলে তিনি ফের বক্তব্য শুরু করেন। এ সময় তিনি দ্বিতীয়বার অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশে কথা বলতে গিয়ে তিনি অসুস্থ হয়ে যান।
এর আগে মহাসমাবেশে সভাপতির বক্তব্য শুরু করেন তিনি। বক্তব্যের শুরুতে তিনি সমাবেশে আগত সবাইকে ধন্যবাদ জানান। পরে আগামীর বাংলাদেশ বিনির্মানে দিক নির্দেশনার বিষয়ে কথা বলেন তিনি।
বক্তব্যে আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে জানিয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, আমি বলতে চাই আগামীর বাংলাদেশ কেমন হবে? আমি বলব আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটা লড়াই হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে।
তিনি অসুস্থ হয়ে পড়লে জামায়াতের চিকিৎসকরা তাকে চিকিৎসা দেওয়া শুরু করেন। তৎপর হয়ে উঠেন স্বেচ্ছাসেবকরা। একপর্যায়ে তিনি বসে বক্তব্য দেওয়া শুরু করেন। তিনি বলেন, আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন ততসময় লড়াই অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। মুক্তি অর্জন না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। যদি মানুষের সেবা করার সুযোগ পাই তাহলে মালিক হব না, সেবক হবো।
জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলামী থেকে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরকার গঠন করে তাহলে কোনো এমপি-মন্ত্রী সরকার থেকে প্লট গ্রহণ করবে না। কোনো এমপি-মন্ত্রী দুর্নীতি করবে না, শুল্কবিহীন গাড়িতে চড়বে না।
তিনি বলেন, চাঁদা আমরা নেব না, দুর্নীতি আমরা সহ্য করবো না। যুবকদের এটা স্পষ্ট করে বলতে চাই। বন্ধুগণ তোমাদের সঙ্গে আমরা আছি, আমি এখানে জামায়াতের আমির হয়ে কথা বলতে আসিনি, ১৮ কোটি মানুষের একজন হয়ে এসেছি।
আরোও পড়ুনঃ কোরআন তেলায়াত এর মধ্যে দিয়ে জামায়াতের সমাবেশ শুরু

