চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারত থেকে দেশে ফিরতে চান। এ জন্য তিনি রাষ্ট্রীয় বিমান ব্যবহারের ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া তার মুখপাত্রের বক্তব্য।
তবে শেখ হাসিনার এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি প্রশ্ন তুলে বলেন, বাংলাদেশের আদালতে দণ্ডিত হওয়ার পরও শেখ হাসিনা কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন? আইনের প্রতি শ্রদ্ধা থাকলে তার উচিত ছিল আইনের কাছে আত্মসমর্পণ করা এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে এসব কথা বলেন রিজভী।
পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতার বৈঠক প্রসঙ্গে রিজভী বলেন, পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতা ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করেছেন কীভাবে? এখানে দিল্লির কোনো ইন্ধন ছিল কি না, সেই প্রশ্নও তোলেন তিনি। তার ভাষায়, কোথাও একটি ভয়ংকর নীলনকশা চলছে।
রিজভী বলেন, যারা জনগণকে হত্যা করতে পারে, তারা জনগণের বন্ধু হতে পারে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ন্যায়সংগত।
তিনি আরও বলেন, বাংলার মাটি অত্যাচার সহ্য করে না। কোনো স্বৈরশাসককে এ দেশে আশ্রয় দেওয়া হবে না। দেশের বাইরে থেকে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে টোকাই ও কিশোর গ্যাংয়ের সদস্যদের আগুন দিতে বলা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় বিএনপির তিন নেতাকর্মী হত্যার জন্য পলাতক আওয়ামী লীগ নেতাদের দায়ী করেন রিজভী।
স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে হুঁশিয়ারি দিয়ে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের মানুষ যেমন শান্ত, তেমনি পদ্মার ঢেউয়ের মতো প্রবলও হতে পারে। কেউ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত হানলে তার জবাব দেওয়া হবে। কেউ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ছিনিয়ে নিতে পারবে না।
শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি আরও বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব বিক্রি করার প্রতীক শেখ হাসিনা।

