১৬ ডিসেম্বর দেশে ফিরতে হলে শেখ হাসিনাকে আসতে হবে হাতকড়া পরে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আইন ও আদালত রাজনীতি সারাদেশ

১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে দেশে ফিরতে হলে তাকে হাতকড়া পরেই বন্দী হিসেবে আসতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক বিষয় নয়। বাংলাদেশে আসতে হলে তাকে হাতকড়া পরা অবস্থায় বন্দী হিসেবেই আসতে হবে। এ সময় মনের জ্বালা থেকে টাকা দিয়ে অনেকেই সংবাদ প্রকাশ করাতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে মঙ্গলবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই প্রথম দেশে ফেরার বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ জানিয়েছেন তিনি।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা দেশে ফেরার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের উদ্যোগ নিয়েছেন। নতুন পাসপোর্ট ও অন্যান্য নথিপত্রের জন্যও আবেদন করেছেন তিনি। পাশাপাশি দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে আকাশপথে যাতায়াতের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি বিমানে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। সে কারণে এবারও সরকারের কাছে দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বিমানের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার এই পরিকল্পনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে।