ইয়েমেনে হুতিদের হামলা, ৩৩ বেসামরিক নাগরিক নিহত

আন্তর্জাতিক সারাদেশ

ইয়েমেনের তাইজ প্রদেশে গত ৭৩ ঘণ্টায় হুতিদের হামলায় অন্তত ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ৫৮ জন আহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেন নেটওয়ার্ক ফর রাইটস অ্যান্ড ফ্রিডমস। সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে মানবাধিকার সংগঠনটি জানায়, এ সময়ে বেসামরিক মানুষ ও স্থাপনায় ১৩৩টি হামলা ও লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করেছে তারা।

প্রতিবেদনে বলা হয়, আবাসিক এলাকাগুলো লক্ষ্য করে ২১৬টি গোলা নিক্ষেপ করা হয়েছে। এ ছাড়া শুক্রবার আল-ওয়াজিয়া জেলার আল-হাদারা বাজারে হামলার জন্যও হুতিদের দায়ী করেছে সংগঠনটি। তাদের দাবি, ওই হামলায় প্রায় ৩০ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৩টি বাড়ি।

তবে বাজারে হামলার জন্য হুতিরা সৌদি আরবের বিমান হামলাকে দায়ী করেছে। অন্যদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থক কর্তৃপক্ষ এ হামলার জন্য হুতিদের দায়ী করেছে।

মানবাধিকার সংগঠনটি আরও জানিয়েছে, ছয়জন বেসামরিক নাগরিককে অপহরণ, ১২টি বাড়িতে অভিযান এবং বেসামরিক যানবাহন ও চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত করার ঘটনাও ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অব্যাহত গোলাবর্ষণ, চলাচলে বিধিনিষেধ এবং খাদ্য, জ্বালানি ও ওষুধের সংকট তাইজের মানবিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। বেসামরিক নাগরিকদের ওপর হামলার ঘটনাগুলোর স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সূত্র: আল জাজিরা