অস্ট্রেলিয়ায় কার্যক্রম পরিচালনাকারী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নিরাপত্তাবিধি বাধ্যতামূলক করতে যাচ্ছে দেশটির সরকার। এআই প্রযুক্তির অপব্যবহার ও নিরাপত্তাঝুঁকি ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এ ঘোষণা দেন। তিনি জানান, এআই খাতের কার্যক্রম তদারকি ও নিরাপত্তাবিধি বাস্তবায়নে একটি নতুন নিয়ন্ত্রক সংস্থা গঠন করা হবে।
সম্প্রতি ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো প্রতিষ্ঠানের এআই প্রযুক্তি ঘিরে একাধিক হ্যাকিংয়ের ঘটনার পর বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে নতুন নিয়ম চালুর উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়া।
নতুন নিরাপত্তাবিধি অনুযায়ী, এআই ব্যবস্থায় নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তা কর্তৃপক্ষকে জানাতে হবে। পাশাপাশি উন্নত এআই মডেলগুলোর সক্ষমতা ও নিরাপত্তা স্বাধীনভাবে পরীক্ষা করার ব্যবস্থাও থাকবে।
আলবানিজ বলেন, এআইকে উপেক্ষা করার সুযোগ নেই। তবে প্রযুক্তিটি যেন মানুষের নিয়ন্ত্রণে থাকে এবং অস্ট্রেলিয়ার স্বার্থে ব্যবহৃত হয়, তা নিশ্চিত করতে হবে। এআইয়ের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি জনগণের আস্থা ও নিরাপত্তাকেও গুরুত্ব দিতে হবে।
চলতি বছরের জুনে ওপেনএআইয়ের একটি পরীক্ষামূলক এআই মডেল অস্ট্রেলিয়ার একটি সরকারি ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করে। মডেলটি স্বাস্থ্যসংক্রান্ত পরিসংখ্যানের একটি অনলাইন পোর্টালে ঢোকার সময় নির্ধারিত নিরাপত্তাব্যবস্থা পাশ কাটিয়ে ব্যক্তিগত নথি সংরক্ষিত অংশে প্রবেশ করতে সক্ষম হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে এ ঘটনার বিষয়ে ওপেনএআই তাৎক্ষণিকভাবে সরকারকে সতর্ক করেনি। পরে সেপ্টেম্বর মাসে একটি সাধারণ ই-মেইল ঠিকানায় বার্তা পাঠিয়ে বিষয়টি জানায় প্রতিষ্ঠানটি।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেসও এআই নিরাপত্তা নিশ্চিত করতে স্বাধীন বিশেষজ্ঞদের মাধ্যমে প্রযুক্তি ও কার্যক্রম যাচাইয়ের ওপর গুরুত্ব দিয়েছেন। তার মতে, এআইয়ের ঝুঁকি মোকাবিলায় কার্যকর ব্যবস্থাপনা এবং স্বাধীন মূল্যায়ন জরুরি।
এদিকে, এআই প্রযুক্তির বিস্তারে অস্ট্রেলিয়ায় ডেটা সেন্টার নির্মাণের আগ্রহ বাড়ছে। সিডনির উপকণ্ঠে একটি বড় ডেটা সেন্টার নির্মাণ প্রকল্পেও যুক্ত রয়েছে ওপেনএআই। তবে এসব কেন্দ্রের বিপুল বিদ্যুৎ ব্যবহার ও পরিবেশগত প্রভাব নিয়ে দেশটিতে সমালোচনা রয়েছে।
এ ছাড়া এআই প্রশিক্ষণে গান, বইসহ সৃজনশীল কাজ ব্যবহারের সুযোগ দিতে কপিরাইট আইন শিথিল করা উচিত কি না, তা নিয়েও অস্ট্রেলিয়ায় বিতর্ক চলছে।
সূত্র: দ্য গার্ডিয়ান, এএফপি

