রংপুরে গভীর রাতে যাত্রীবাহী বাসে আগুন, তদন্তে পুলিশ

অপরাধ সারাদেশ

রংপুরে গভীর রাতে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে নগরীর পর্যটন পাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়।

জানা গেছে, বাসটি পর্যটন মোটেলের সড়কে পার্ক করা ছিল। অগ্নিকাণ্ডের সময় বাসে কোনো যাত্রী বা চালক ছিলেন না। প্রতিদিন একটি কোচিং প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতের কাজে বাসটি ব্যবহার করা হতো।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাসটি সড়কের পাশে রেখে দেওয়া হয়েছিল। এ সময় একদল দুর্বৃত্ত বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে, নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর তৎপরতা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। গ্রাম থেকে শহরের বিভিন্ন এলাকায় তাদের সাংগঠনিক তৎপরতা ও গোপন বৈঠকের অভিযোগও উঠেছে। তবে বাসে অগ্নিসংযোগের ঘটনায় কোনো রাজনৈতিক সংগঠনের সম্পৃক্ততার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এখন পর্যন্ত বাসের মালিকপক্ষ থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, পুলিশ ইতোমধ্যে ঘটনাটি নিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে।