কেরানীগঞ্জে অর্পিত সম্পত্তি দখল করে প্লট বিক্রির অভিযোগ, চেয়ারম্যান পদপ্রার্থী জনির বিরুদ্ধে

অপরাধ কেরানীগঞ্জ কোন্ডা জমি দখল সারাদেশ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর মৌজায় সরকারের ওপর ন্যস্ত অর্পিত সম্পত্তি জাল-জালিয়াতির মাধ্যমে দখল করে আবাসন প্রকল্পের নামে প্লট আকারে বিক্রির অভিযোগ উঠেছে কোন্ডা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলাম জনির বিরুদ্ধে ।

এ ঘটনায় জাতীয়তাবাদী শ্রমিক দল কোন্ডা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও কোন্ডা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলাম জনির বিরুদ্ধে ভুয়া ওয়ারিশ সনদ ও দলিলের মাধ্যমে জমি দখল এবং বিক্রির তৎপরতার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা হাজী দ্বীন ইসলাম।

সরকারি সম্পত্তি বেহাত হওয়ার আশঙ্কায় জমিটি উদ্ধারে ঢাকা জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন অভিযোগকারী। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে পতিত থাকা জমিটি জালিয়াতির মাধ্যমে দখল করে বিক্রির চেষ্টা চলছে। এতে সরকারের বিপুল পরিমাণ সম্পত্তি বেহাত হওয়ার পাশাপাশি সাধারণ ক্রেতারাও প্রতারণার শিকার হতে পারেন।

আবেদন সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর মৌজার আরএস খতিয়ান নম্বর ৬৬৮, জে এল নম্বর ১১৭ এবং ৭৭১ নম্বর দাগে মোট ৩৯ শতাংশ জমি রয়েছে। এর মধ্যে মনোরঞ্জন দাসের নামে ৩০ শতাংশ এবং শেখ সামির উদ্দিন ও বাচ্চু মিয়ার নামে ৯ শতাংশ জমির রেকর্ড রয়েছে।
অভিযোগে বলা হয়, মনোরঞ্জন দাসের বাবার নাম কালিপ্রসন্ন দাস। মুক্তিযুদ্ধের সময় ভারতে চলে যাওয়ার পর তাঁর জমি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। পরবর্তী সময়ে জমিটি অর্পিত সম্পত্তি হিসেবে সরকারের ওপর ন্যস্ত হয়। সংশ্লিষ্ট খতিয়ানে হাল সন ভারত এবং সরকারের ওপর ন্যস্ত অর্পিত সম্পত্তিসংক্রান্ত মন্তব্যও রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, মনোরঞ্জন দাসের উত্তরাধিকারী পরিচয়ে রবীন্দ্র দাস ও মনিলাল দাসকে ওয়ারিশ হিসেবে উপস্থাপন করে কোন্ডা ইউনিয়ন পরিষদ থেকে ওয়ারিশ সনদ সংগ্রহ করা হয়। পরে তাঁদের কাছ থেকে ভুয়া দলিল তৈরি করে রেজিস্ট্রি করা হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জের মনোরঞ্জন দাসের বাবার নাম কালিপ্রসন্ন দাস। তিনি ২০১৪ সালের ৫ অক্টোবর মারা যান। তাঁর দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রী রেখে যাওয়ার তথ্য রবীন্দ্র দাসের হলফনামায় উল্লেখ রয়েছে। অভিযোগকারীর দাবি, দুই ব্যক্তির নাম ও পরিচয়ে পার্থক্য থাকা সত্ত্বেও একই ব্যক্তি হিসেবে উপস্থাপন করে ওয়ারিশ সনদ সংগ্রহ করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়েছে, কথিত ওয়ারিশ সনদের ভিত্তিতে চলতি বছরের ১৩ এপ্রিল দক্ষিণ কেরানীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ৩৩৭০ নম্বর দলিল রেজিস্ট্রি করা হয়। ওই দলিলের মাধ্যমে সরকারের ওপর ন্যস্ত অর্পিত সম্পত্তির মালিকানা দাবি করে জমি দখল ও বিক্রির তৎপরতা চলছে বলে অভিযোগ করেছেন হাজী দ্বীন ইসলাম।

তাঁর অভিযোগ, বর্তমানে জমিটি তিন থেকে চার কাঠা আকারে ছোট ছোট প্লটে ভাগ করে আবাসন প্রকল্পের মতো বিক্রি করা হচ্ছে। প্রতি শতাংশ জমি আনুমানিক ১২ লাখ টাকা দরে বিক্রির তৎপরতা চলছে। এতে সরকারের কোটি কোটি টাকার সম্পত্তি বেহাত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি জমি কিনতে গিয়ে অনেকেই প্রতারণার শিকার হতে পারেন।

সরকারি সম্পত্তি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে স্থানীয় বাসিন্দা হাজী দ্বীন ইসলাম ঢাকা জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন।

জানা যায়, অভিযুক্ত জহিরুল ইসলাম জনি জাতীয়তাবাদী শ্রমিক দল কোন্ডা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি কোন্ডা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।

এ বিষয়ে অভিযুক্ত জহিরুল ইসলাম জনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমিটি দীর্ঘদিন ধরে বসুন্ধরা হাউজিং কোম্পানির দখলে ছিল। মনোরঞ্জন দাসের ছেলের নাম কালিপ্রসাদ ওরফে রাধা রাম ওরফে রাধারাম দাস। মুক্তিযুদ্ধের সময় তাঁরা কেরানীগঞ্জ থেকে নারায়ণগঞ্জ চলে যান। তাঁর দাবি, নারায়ণগঞ্জের মনোরঞ্জন ও কেরানীগঞ্জের মনোরঞ্জন একই ব্যক্তি।

এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, কেরানীগঞ্জের বীর বাঘৈর মৌজার অর্পিত সম্পত্তিসংক্রান্ত একটি লিখিত আবেদন জেলা প্রশাসকের দপ্তরে জমা পড়েছে। আবেদনে সরকারি অর্পিত সম্পত্তি জাল-জালিয়াতির মাধ্যমে বিক্রি ও হস্তান্তরের অভিযোগ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে অভিযোগের সত্যতা অনুসন্ধান করা হবে। সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল, বিক্রি বা হস্তান্তরের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।

 

-সুত্র : আমার দেশ