মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান

সারাদেশ

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে স্থগিত হওয়া বোর্ড সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান জানিয়েছেন পোশাকশিল্প মালিকরা। একই সঙ্গে মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন তারা।

সোমবার (১৬ নভেম্বর) মালিকপক্ষের দুই শীর্ষ সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমের স্বাক্ষরিত ঐ যৌথ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার দিন ধার্য ছিল। সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করেছিল মালিকপক্ষ। তবে শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভাটি স্থগিত করা হয়েছে বলে গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছেন তারা।

আরও বলা হয়, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন নিম্নতম মজুরি কার্যকরের নির্ধারিত সময় রয়েছে। তাই নির্ধারিত সময়ের মধ্যে মজুরি ঘোষণা করা জরুরি। এতে নতুন মজুরি বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য কারখানার মালিকরা পর্যাপ্ত সময় পাবেন।

বিজ্ঞপ্তিতে শ্রমিক প্রতিনিধি আনোয়ার হোসাইনের দ্রুত আরোগ্য কামনা করা হয়। পাশাপাশি মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ অনতিবিলম্বে ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানান বিজিএমইএ ও বিকেএমইএর দুই সভাপতি।

প্রসঙ্গত, পোশাক শিল্পে নিয়োজিত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা গতকাল স্থগিত করা হয়। গতকাল শ্রম মন্ত্রণালয়ের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে অনিবার্য কারণ দেখিয়ে সভা স্থগিতের সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর প্রেক্ষিতে পোশাকশিল্পের মালিকরা স্থগিত হওয়া বোর্ডের সভার নতুন তারিখ ঘোষণার জন্য আহ্বান জানিয়েছেন।

তাদের মতে, মজুরি নির্ধারণের প্রক্রিয়া দীর্ঘায়িত হলে নতুন মজুরি কার্যকরের প্রস্তুতিতেও জটিলতা তৈরি হতে পারে। এ কারণে স্থগিত সভার নতুন তারিখ দ্রুত নির্ধারণ করে পুরো প্রক্রিয়া এগিয়ে নেওয়া প্রয়োজন।