নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারের গনি মার্কেট এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ মো. রাজু (৩০) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাতে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামগঞ্জ বাজারের গনি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
আটক রাজু নোয়ান্নই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মমিন উল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামগঞ্জ বাজারের গনি মার্কেটের সামনে রাজুর সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করে তাকে আটক করেন স্থানীয়রা। পরে তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হলে তার কোমর থেকে একটি দেশীয় শটগান উদ্ধার করা হয় বলে দাবি করেন তারা।
ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রাজুকে অস্ত্রসহ থানায় নিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা দাবি করেন, আটক রাজু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার মোবাইল ফোনে আওয়ামী লীগের একাধিক গ্রুপের সঙ্গে যুক্ত থাকার তথ্য পাওয়া গেছে বলেও দাবি করেন তারা। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে নোয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করে। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

