বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ফজলুর রহমান একসময় ছাত্রলীগ ও বাকশালের নেতা ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, ফজলুর রহমান আওয়ামী লীগকে মন-প্রাণ দিয়ে ভালোবাসতে চান এবং দলটির পক্ষে কথা বলতে চান। তিনি তা করতে পারেন, তবে বিএনপিতে থেকে এমন বক্তব্য দেওয়া পরকীয়ার মতো হয়ে যায়। বিএনপির সুযোগ-সুবিধা নিয়ে অন্য দলের সাফল্যগাথা প্রচার করা ঠিক নয়।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এসব কথা বলেন শামসুজ্জামান দুদু।
বিএনপি নেতা হয়েও ফজলুর রহমানকে বিভিন্ন সময় আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে বক্তব্য দিতে দেখা যায়। তার এমন বক্তব্যের প্রসঙ্গেই দুদু এসব মন্তব্য করেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘খাই-দাই, অর্জন করি বিএনপির, আর অন্যের সাফল্য গাই—এটা তো ঠিক হবে না।’ তিনি আরও বলেন, ফজলুর রহমান সবসময় উল্টাপাল্টা বক্তব্য দিয়ে ফেসবুক গরম করে রাখেন।

