ডিসেম্বরে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যাশা জানিয়ে রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে নৌকায় আগমনী বার্তা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী।
রোববার (৮ নভেম্বর) সকালে বুড়িগঙ্গা নদীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানের নেতৃত্বে এটি অনুষ্ঠিত হয় ।
এ আয়োজন প্রসঙ্গে আশিক-ই-আতাহার মেসবাহ বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ডিসেম্বর মাসে স্বদেশ প্রত্যাবর্তনের বার্তা জানাতে আমরা এ নৌকা মিছিলের আয়োজন করেছি। ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এ মাস আমাদের স্মরণ করিয়ে দেয় বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকারের গুরুত্ব।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে যে আলোচনা রয়েছে, তা বাস্তবায়নে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ দৃঢ়প্রতিজ্ঞ। শেখ হাসিনা ২০২৬ সালের ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছার কথা একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন। আমরা বিশ্বাস করি, বঙ্গবন্ধুকন্যা যা বলেন, তা করে দেখান। বাংলাদেশের কোটি কোটি মানুষ আজ তার অপেক্ষায় রয়েছে।’
বিজয়ের মাসের প্রত্যাশা তুলে ধরে ছাত্রলীগের এই নেতা বলেন, ‘ডিসেম্বর আমাদের বিজয়ের চেতনার মাস। এ মাসে আমাদের প্রত্যাশা বাংলাদেশে শান্তি, ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে। ইতিহাসের শিক্ষা হোক বিভেদ নয়, সহাবস্থান; প্রতিহিংসা নয়, ন্যায়বিচার; সংঘাত নয়, শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধান।’

