যুবদলের ২২ নেতাকে দায়িত্ব ১১ বিভাগ ও সাংগঠনিক ইউনিটে

রাজনীতি সারাদেশ

জেলা ও মহানগর পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে ১১টি বিভাগ ও সাংগঠনিক ইউনিটে ২২ কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দিয়েছে জাতীয়তাবাদী যুবদল।

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত নেতারা নিজ নিজ এলাকার সাংগঠনিক কার্যক্রম পর্যবেক্ষণ ও তদারকি করবেন।

শনিবার (২১ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত নেতাদের তালিকা প্রকাশ করা হয়। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশনায় এ দায়িত্ব বণ্টন করা হয়েছে।

এ বিষয়ে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূইয়া।

প্রকাশিত তালিকা অনুযায়ী, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সাংগঠনিক কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় সহসভাপতি রেজাউল কবীর পল। তাঁর সহসমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সহসভাপতি মোহাম্মদ কামরুজ্জামান।

ঢাকা বিভাগে সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন রফিক আহমেদ ডলার। এ বিভাগের সহসমন্বয়ক করা হয়েছে মঈনুদ্দীন রুবেলকে।

চট্টগ্রাম বিভাগে দায়িত্ব পেয়েছেন মো. কামরুজ্জামান জুয়েল ও আরিফুর রহমান সোহেল। রাজশাহী বিভাগে দায়িত্ব পালন করবেন জিয়াউর রহমান জিয়া ও আবু আতিক আল হাসান মিন্টু।

খুলনা বিভাগে দায়িত্ব পেয়েছেন বিল্লাল হোসেন, তারেক মিঞা ও মোহাম্মদ রাসেল। সিলেট বিভাগের দায়িত্ব পালন করবেন মাহফুজুর রহমান মাহফুজ ও শফিকুল ইসলাম শফিক।

বরিশাল বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে এইচ এম তসলিম উদ্দিন শাহ ও নাসির উদ্দিন রুমনকে। রংপুর বিভাগের সাংগঠনিক কার্যক্রম তদারক করবেন কামাল আনোয়ার, আহাম্মদ ও আবুল মনছুর খান দিপক।

এ ছাড়া ফরিদপুর বিভাগে দায়িত্ব পেয়েছেন সাব্বির আহমেদ দিপু ও মনিরুল ইসলাম সোহাগ। ময়মনসিংহ বিভাগের দায়িত্ব পালন করবেন সাইদ ইকবাল মাহমুদ টিটু।

অন্যদিকে, কুমিল্লা বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে আবদুল করিম সরকার, মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ ও এজমল হোসেন পাইলটকে।

যুবদলের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ নভেম্বর থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত নেতারা সংশ্লিষ্ট বিভাগ ও সাংগঠনিক ইউনিটের কার্যক্রম পরিবীক্ষণ করবেন। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করতে প্রয়োজনীয় তদারকি করবেন তাঁরা।