মালয়েশিয়ায় আবারও ইমিগ্রেশন অভিযান, আটক বহু বাংলাদেশি

অর্থনীতি] আন্তর্জাতিক সারাদেশ

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে ১৫২ বাংলাদেশিসহ ৪৮৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শনিবার (২১ নভেম্বর) সেলাঙ্গর রাজ্যের তামান শ্রী মুদা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা দুই ঘণ্টা ২৬টি বাণিজ্যিক ভবনে যৌথ অভিযান চালানো হয়। এ সময় মোট ৮৩১ জন বিদেশি নাগরিকের পরিচয় ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করেন কর্মকর্তারা।

দেশটির অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ ও কাজের অনুমতিপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান এবং কর্মানুমতির শর্ত লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

আটক ৪৮৯ জনের মধ্যে ৮৪ জন নারী। তাদের মধ্যে ১৫২ জন বাংলাদেশি ছাড়াও নেপাল, মিয়ানমার, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন।

অভিযানে বিদেশি কর্মীদের কর্মানুমতির শর্ত লঙ্ঘনের বিষয়টিও সামনে এসেছে। কর্মকর্তারা দেখতে পান, কয়েকজন কর্মী যে খাতে কাজের অনুমতি পেয়েছেন, বাস্তবে কাজ করছেন অন্য খাতে। এর মধ্যে নির্মাণ খাতের অনুমতিপত্র ব্যবহার করে রেস্তোরাঁয় কাজ করার ঘটনাও শনাক্ত করা হয়েছে।

অভিযানে মালয়েশিয়ার ২৫৪ জন কর্মকর্তা অংশ নেন। নিয়ম লঙ্ঘনের দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার ৫০০ মালয়েশীয় রিঙ্গিত জরিমানা করা হয়েছে। এ ছাড়া কোম্পানি কমিশন পাঁচটি তলব নোটিশ জারি করেছে।

আটক বিদেশি নাগরিকদের সেমেনিয়েহ আটককেন্দ্রে পাঠানো হয়েছে। সেখানে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে, ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত মালয়েশিয়াজুড়ে ৩৪টি কারখানায় অভিযান পরিচালনা করে অভিবাসন কর্তৃপক্ষ। ওই অভিযানে ৫১৯ জন অভিবাসীকে আটক করা হয়।

পরপর এসব অভিযানের ফলে মালয়েশিয়ায় অবস্থানরত বিদেশি কর্মীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বৈধ ভিসা ও কর্মানুমতির শর্ত মেনে চলার বিষয়টি আবারও আলোচনায় এসেছে।