রণক্ষেত্রে পরিনত হয়েছে মিরপুর, পুলিশের গাড়িতে আগুন

রাজধানী সারাদেশ

রাজধানীর মিরপুরে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (১ নভেম্বর) দুপুরে মিরপুরের বিভিন্ন এলাকায় এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মিরপুর-১১ নম্বর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীদের একাংশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রোববার বেলা ১২টার দিকে মিরপুরের কয়েকটি এলাকায় শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মুখোমুখি  হয়।

একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অবস্থান নেয় এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ ।

এ সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে মিরপুর-১১ নম্বর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীদের একটি অংশ গাড়িটির কাছে গিয়ে আগুন ধরিয়ে দেয়। এরপর গাড়িটি থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এবং আগুনের শিখা ছড়িয়ে পড়ে।