গতবছরের জুলাই–আগস্টের অস্থিরতার মধ্যে থানা ও বিভিন্ন স্থান থেকে লুট হওয়া অস্ত্র – গোলাবারুদ উদ্ধারে নগদ পুরস্কার ঘোষণা করেছে সরকার। এতে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, পিস্তল, শটগানের খবর দিলে ৫০ হাজার টাকা, চায়নিজ রাইফেলে এক লাখ, এসএমজির ক্ষেত্রে দেড় লাখ টাকা, এলএমজির জন্য ৫ লাখ টাকা দেওয়া হবে।
আর প্রতিটি গুলির জন্য ৫০০ টাকা করে পুরস্কারের ঘোষণা দিয়েছে সরকার।
উপদেষ্টা জানান, গতবছর ৫ আগস্ট সরকার পতনের পর দেশের বিভিন্ন থানা–ফাঁড়ি ও পুলিশ স্থাপনায় হামলা চালিয়ে আগুন ও লুটপাটের ঘটনা ঘটে; বিপুলসংখ্যক অস্ত্র–গুলি তখন লুট হয়। সর্বশেষ হিসাবে এখনো ১,৩৬৩টি আগ্নেয়াস্ত্র ও ২,৫৭,৭২০ রাউন্ড গোলাবারুদ উদ্ধারের বাইরে রয়েছে। বিভিন্ন জায়গায় এসব অস্ত্র অপরাধকর্মে ব্যবহার হচ্ছে—এমন খবরও পাচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলো
নির্বাচনকে ঘিরে শঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজনৈতিক দল ও জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন আইনশৃঙ্খলা নিয়ে কোনো সমস্যা থাকবে না। সবার সহযোগিতায় আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারব।’
আরোও পড়ুনঃ ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না: খামেনি

