শরীয়াহভিত্তিক বিয়ের পরামর্শদাতা কাসেমী ধর্ষণ মামলায় গ্রেপ্তার

অর্থনীতি ও বিনিয়োগ শাক্তা

শরীয়াহভিত্তিক বিয়ে ও অন্যান্য বিষয়ে পরামর্শদাতা প্রতিষ্ঠান ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র চেয়ারম্যান মুফতি মামুনুর রশিদ কাসেমীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে কেরানীগঞ্জের আটিবাজার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু জানান, গত শুক্রবার কাসেমীর তৃতীয় স্ত্রী তামান্না হাতুনের পক্ষে তাঁর মামি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলার ভিত্তিতে রোববার বেলা তিনটার দিকে তাকে আটক করে আদালতে পাঠানো হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, দোয়া–কালাম পড়ে বিয়ে করার পর কাসেমী ওই নারীর সঙ্গে সংসার করেন এবং পরে তাকে তালাক দেন। পরে আবার বিয়ে করার কথা বলে গত ৬ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত কাসেমী ওই নারীকে তার হেফাজতে রেখে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

পরামর্শদাতা প্রতিষ্ঠান ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র চেয়ারম্যান মামুনুর রশিদ কাসেমী মারকাযুশ শরীয়াহ আল ইসলামিয়া বাংলাদেশ নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বিকেলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভিক্টোরিয়া চাকমার আদালত কাসেমীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঢাকা জেলা পুলিশের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক কামাল উদ্দিন জানান, গ্রেপ্তারের পর আদালতে শুনানি অনুষ্ঠিত হয় এবং আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আগামীকাল এই মামলায় তাঁর জামিন শুনানির তারিখ ধার্য করা হয়েছে।

আরোও পড়ুনঃ রাফাহ শহরে ইসরায়েলের বিমান হামলা, নিহত ২৮