হারানো ফোন দেশ ঘুরে বিদেশে; অত:পর উদ্ধার

অপরাধ কেরানীগঞ্জ প্রযুক্তি সারাদেশ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন আড়াই বছর পর চাঁদপুর থেকে উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। মালয়েশিয়া হয়ে চাঁদপুরে পৌঁছানো ফোনটি উদ্ধার করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সুজেল মিয়া।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে আব্দুল্লাহপুর পুলিশ বক্সে ফোনটির মালিক মামুনের হাতে সেটি তুলে দেওয়া হয়।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৪ জানুয়ারি কেরানীগঞ্জের নাজিরপুর এলাকা থেকে মামুনের শাওমি রেডমি নোট ১২ মডেলের মোবাইল ফোনটি হারিয়ে যায়। পরদিন এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। দীর্ঘদিনেও ফোনটির কোনো সন্ধান না পাওয়ায় একপর্যায়ে সেটি ফিরে পাওয়ার আশা ছেড়ে দেন মামুন।

পরে এএসআই সুজেল মিয়ার উদ্যোগে ছয় শতাধিক হারানো মোবাইল ফোন উদ্ধারের খবর পেয়ে তার সঙ্গে যোগাযোগ করেন মামুন। এর কয়েক দিন পরই নিজের হারানো ফোন উদ্ধারের সুখবর পান তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, ফোনটি হারানোর পর একটি চক্রের মাধ্যমে মালয়েশিয়ায় নিয়ে বিক্রি করা হয়। পরে মালয়েশিয়ায় অবস্থানরত চাঁদপুরের এক প্রবাসী ফোনটি কিনে দীর্ঘদিন ব্যবহার করেন। ছুটিতে দেশে ফেরার পর ফোনটি ট্র্যাকিংয়ের মাধ্যমে শনাক্ত করা হয়। এরপর ওই প্রবাসীর কাছ থেকে ফোনটি উদ্ধার করে পুলিশ।

ফোনটি ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করে মামুন বলেন, ফোন হারানোর পরদিনই থানায় জিডি করেছিলাম। কিন্তু দীর্ঘদিনেও উদ্ধার না হওয়ায় আশা ছেড়ে দিয়েছিলাম। পরে এএসআই সুজেল মিয়ার ফোন উদ্ধারের খবর পেয়ে তার সঙ্গে যোগাযোগ করি। কয়েক দিন পর তিনি ফোন করে জানান, আমার ফোন উদ্ধার হয়েছে। প্রথমে বিশ্বাস করতে পারিনি। ফোনটি হাতে পেয়ে আমি খুবই আনন্দিত।

এএসআই মো. সুজেল মিয়া বলেন, হারানো ফোন খুঁজে বের করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে তিনি আনন্দ পান। প্রচারের জন্য নয়, নিজের দায়িত্ববোধ থেকেই এ কাজ করেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়িত্ব পালনকালে অন্তত ছয় শতাধিক হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছেন বলেও জানান তিনি।