দায়িত্ব গ্রহণ

কুয়েতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ

আন্তর্জাতিক

প্রতিবেদকঃ কাউসার আহমেদ (বিহন), কুয়েত

গতকাল ০৮ জুলাই ২০২৪, সোমবার কুয়েতে নব নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি কুয়েতে বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহন করেন।

এদিন সকালে নবনিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত দূতাবাসের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে নিয়ে বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে মান্যবর রাষ্ট্রদূত কুয়েতে অবস্থানরত বাংলাদেশী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।

প্রথমেই তিনি কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ প্রদান করায় মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। মতবিনিময় কালে তিনি কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের সামগ্রিক কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও তিনি দূতাবাসের কনস্যুলার সেবার মানকে আরো সহজ এবং আধুনিকীকরন করা এবং দূতাবাসকে প্রবাসীবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ প্রেক্ষিতে তিনি প্রবাসীদের দোরগোড়ায় কনসুল্যার সেবা পৌছে দিতে কুয়েতের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান কনস্যুলার সেবা চালু করার কথা বলেন।

তার দায়িত্ব পালনকালে কুয়েতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে কাজ করার লক্ষ্যে উভয় দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি ও উচ্চ পর্যায়ের সফরের উপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত কুয়েতের স্বাস্থ্য, প্রযুক্তি, প্রকৌশল এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে আরো বেশী সংখ্যক দক্ষ বাংলাদেশী জনবল নিয়োগের চেষ্টা চালাবেন মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন।

পাশাপাশি কুয়েতের সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন ক্ষেত্র তৈরীর জন্য কাজ করবেন মর্মে জানান। মান্যবর রাষ্ট্রদূত কুয়েতের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ককে আরো সহযোগিতামূলক এবং শক্তিশালী করতে চান।

পরিশেষে তিনি কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদেরকে কুয়েতের স্থানীয় আইন-কানুন মেনে চলার আহ্বান জানান এবং প্রবাসে কষ্টার্জিত অৰ্থ বৈধ চ্যানেলে দেশে প্রেরণের জন্য অনুরোধ করেন। এসময় মান্যবর রাষ্ট্রদূত কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

আরো পড়ুনঃ দুর্নীতি করেছে আবেদ আলীর ছেলে, আর সাজা পাবে ব্রাজিল?