বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ ১২ জনের দায়ের করা এ রিটের শুনানি শেষে বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি এ. এফ. এম. সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে এদিন বিসিবির পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
রিটকারীদের পক্ষ থেকে আদালতে বলা হয়, ২০২৫ সালের ৬ অক্টোবর বিসিবির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তিন সদস্যের স্বাধীন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ওই নির্বাচন সম্পন্ন হয়, যার একজন সদস্য ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক। নির্বাচনে রিটকারীরা বিধিমতে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেন।
রিটে আরও উল্লেখ করা হয়, ২০২৬ সালের ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ ৫ এপ্রিলের একটি তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দেয়। একই সঙ্গে সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল খানকে চেয়ারম্যান করে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়।
রিটকারীদের অভিযোগ, নির্বাচিত কমিটি ভেঙে দেওয়ার আগে তাদের কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি। এছাড়া তদন্ত প্রতিবেদনের কপিও সরবরাহ করা হয়নি এবং শুনানির সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে বলে দাবি করেন তারা।

