আল ইমরান রাফি :
কেরানীগঞ্জের আগানগর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ (চৌকিদার) মো. সাইদুল ইসলামকে নওগাঁর একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গত ২০ আগস্ট বৃহস্পতিবার কেরানীগঞ্জের আগানগর ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁয় সংঘটিত একটি ডাকাতির ঘটনায় সরাসরি সম্পৃক্ততার অভিযোগে সাইদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সাইদুল সহ ডাকাতি চক্রের একটি দল নওগায় একটি স্বর্ন ডাকাতির ঘটনায় সরাসরি জরিত ছিলো। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নওগাঁ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মিজান জানান, নওগাঁর একটি ডাকাতি মামলায় সাইদুল সরাসরি জড়িত ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে নওগাঁয় নিয়ে যাওয়া হয়েছে। মামলাটির তদন্ত চলছে এবং এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে আগানগর ইউনিয়ন পরিষদের বর্তমান দায়িত্বরত প্রশাসক মো. তাইবুর রহমান বলেন, নওগাঁ জেলা থেকে ডিবি পুলিশের একটি দল গ্রাম পুলিশ মো. সাইদুল ইসলামকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ডাকাতি বা অন্য কোনো গুরুতর অপরাধের সত্যতা পাওয়া গেলে গ্রাম পুলিশ চাকরির প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

