ঢাকার নবাবগঞ্জে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ। পুলিশের দাবি, গ্রেপ্তার তিনজনই পেশাদার মাদক কারবারি।
রোববার (২৩ আগস্ট) রাত ৩টা ১৫ মিনিটের দিকে নবাবগঞ্জ থানাধীন বান্দুরা ইউনিয়নের মহব্বতপুর গ্রামের আইয়ুব আলীর চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর এসআই (নিঃ) মো. আপেল মাহমুদের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নবাবগঞ্জ থানার কাঁঠালিঘাটা এলাকার মো. মোক্তার হোসেনের ছেলে মো. রাজিব হোসেন (৩৪), মহব্বতপুর গ্রামের মৃত শেখ গহের আলীর ছেলে মো. শেখ আলম (৪০) এবং আল হাদিপুর গ্রামের আবু জাফর মাতব্বরের ছেলে আকাশ সিকদার মান্নান (৪১)।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা।
এ ঘটনায় নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

