ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৬০ পুরিয়া হেরোইনসহ মো. শিপন সরদার (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)।
বুধবার (২৬ আগস্ট) রাত ১০টা ৩৫ মিনিটের দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা এলাকার জনি টাওয়ার ভবনের স্যামসাং ইলেকট্রনিক দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শিপন সরদার মাদারীপুর জেলার কালকিনী থানার শিকার মঙ্গল এলাকার মো. হাতেম সরদারের ছেলে। তিনি বর্তমানে কেরানীগঞ্জ মডেল থানাধীন বন্দ ডাকপাড়া এলাকায় আব্দুল আজিজের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর একটি দল কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় এ অভিযান চালায়।
অভিযানে এসআই ইয়াকুব আলীর নেতৃত্বাধীন দল শিপন সরদারকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৬০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার শিপনের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ২৭ আগস্ট ২০২৬ তারিখে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা নম্বর-৮৩, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ৮(খ) ধারায় মামলাটি দায়ের করা হয়।
পরে আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

