সাংবাদিককে প্রকাশ্যে গালাগাল ও অপদস্থ করার ঘটনায় চট্টগ্রামের সাংবাদিকদের প্রতিবাদের মুখে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পড়েছেন চিত্রনায়িকা পরীমনি। আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামে অনুষ্ঠেয় ওই আয়োজনে তার অংশ নেওয়ার কথা ছিল।
জানা গেছে, সম্প্রতি পরীমনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড (CFVA) আয়োজিত অনুষ্ঠানের একটি পোস্টার প্রকাশ করেন। সেখানে নিজের ছবি দিয়ে তিনি লেখেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’
আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে। এতে পরীমনির অংশ নেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অনেকে।
এক সাংবাদিককে প্রকাশ্যে অপদস্থ করার অভিযোগ তুলে পরীমনিকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর প্রতিবাদ জানান সাংবাদিকেরা। এ ঘটনায় অনুষ্ঠানটি বয়কট ও প্রতিহত করার ঘোষণাও দেয় চট্টগ্রামের একাধিক সাংবাদিক সংগঠন।
এ পরিস্থিতিতে আয়োজকেরা অনুষ্ঠান থেকে পরীমনিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। পাশাপাশি তার ছবি বাদ দিয়ে নতুন পোস্টার প্রকাশ করা হয়েছে।
অনুষ্ঠানের আয়োজক কমিটির একজন সদস্য বলেন, ঢাকা আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে পরীমনির ঘটনার আগেই তার সঙ্গে আয়োজকদের চুক্তি হয়েছিল। তবে গণমাধ্যমকর্মীকে অসম্মান করার ঘটনায় চট্টগ্রামের সাংবাদিকদের প্রতিবাদের মুখে তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে অনুষ্ঠান থেকে পরীমনিকে বাদ দেওয়া হয়েছে।

