পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণার পর দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি।
কয়েক দিনের শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির পর বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে গাজীপুর, সাভার-আশুলিয়া ও নারায়ণগঞ্জের অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা কাজে ফিরেছেন। শুরু হয়েছে উৎপাদন কার্যক্রমও। তবে কিছু এলাকায় এখনো কর্মবিরতি, কারখানা বন্ধ ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার রাতে মজুরি বোর্ডের চতুর্থ সভায় পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, সর্বনিম্ন গ্রেডে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। আর সর্বোচ্চ গ্রেডে মজুরি হবে ২১ হাজার ৫০০ টাকা। বাকি দুটি গ্রেডের মজুরিও সম্মতির ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে।
নতুন এই মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। ফলে ডিসেম্বর মাসের বেতন ২০২৭ সালের জানুয়ারিতে নতুন কাঠামো অনুযায়ী পাবেন শ্রমিকরা।
গাজীপুরে কারখানায় ফিরছেন শ্রমিকরা
নতুন মজুরি ঘোষণার পর গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। কালিয়াকৈর, মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ, কোনাবাড়ী, চন্দ্রা, ভবানীপুর, বাঘবাজার, নাওজোড়, ইতাহাটা, মাস্টারবাড়ী ও জরুন এলাকায় বুধবার সকাল থেকে শ্রমিকদের কারখানায় প্রবেশ করতে দেখা যায়।
কালিয়াকৈর উপজেলার বিভিন্ন কারখানার সামনে সকাল থেকেই শ্রমিকদের উপস্থিতি বাড়তে থাকে। অনেকেই কাজে যোগ দিয়েছেন। একই সঙ্গে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।
তবে আগের দিনের শ্রমিক অসন্তোষের প্রভাব পুরোপুরি কাটেনি। কিছু কারখানা এখনো বন্ধ রয়েছে। শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, শ্রম আইনের ১৩(১) ধারায় ২০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। এ ছাড়া কয়েকটি কারখানায় সাধারণ ছুটি এবং কিছু কারখানায় কর্মবিরতি পালিত হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ইনকিলাবকে জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো গুজবের কারণে মৌচাকে অবরোধের ঘটনা ঘটে। পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা
সাভার ও আশুলিয়ার অধিকাংশ তৈরি পোশাক কারখানায় বুধবার সকাল থেকে শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে। নতুন মজুরি কাঠামো ঘোষণার পর শ্রমিকদের মধ্যে কিছুটা সন্তুষ্টি তৈরি হয়েছে। কয়েক দিনের অস্থিরতা ও অনিশ্চয়তা কাটিয়ে শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে আসবে বলে আশা করছেন তাঁরা।
আশুলিয়ার একটি পোশাক কারখানার শ্রমিক রুবিনা আক্তার বলেন, দীর্ঘদিন ধরে তাঁরা বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। সংসারের খরচ চালাতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। এখন ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করায় কিছুটা ভালো লাগছে। তবে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বেড়েছে, তাতে এই বেতনেও সংসার চালানো কঠিন হবে। তারপরও আপাতত কাজে ফিরতে চান তাঁরা।
একই এলাকার শ্রমিক মো. সোহেল বলেন, তাঁদের মূল দাবি ছিল বেতন বাড়ানো। নতুন মজুরি নির্ধারণের পর তাঁরা মোটামুটি সন্তুষ্ট। তবে শুধু বেতন বাড়ালেই হবে না, প্রতি মাসে সময়মতো বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধ করতে হবে। পাশাপাশি কারখানার কর্মপরিবেশও ভালো রাখতে হবে।
তবে সাভারের হেমায়েতপুর এলাকায় বুধবার সকালে কয়েকটি কারখানার শ্রমিকদের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়। শ্রমিকরা কাজ বন্ধ করে হেমায়েতপুর-সিঙ্গার সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া আরও কয়েকটি কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নারায়ণগঞ্জেও স্বাভাবিক হচ্ছে উৎপাদন
নারায়ণগঞ্জের ফতুল্লা ও শিবু মার্কেটসহ বিভিন্ন শিল্প এলাকায় অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। নতুন মজুরি কাঠামো ঘোষণার পর শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।
ফতুল্লার একটি কারখানায় সাময়িকভাবে কাজ বন্ধ থাকার খবর পাওয়া গেলেও পরে শ্রমিকরা কাজে ফিরে যান। এরপর পুনরায় শুরু হয় কারখানার উৎপাদন কার্যক্রম।
এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কারখানার আশপাশে পুলিশ ও শিল্প পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে।
শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার
গাজীপুর, সাভার-আশুলিয়া ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে মালিকপক্ষ, শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।
বিভিন্ন কারখানার প্রবেশপথ ও মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
নতুন মজুরি কাঠামো ঘোষণার পর শ্রমিকদের কাজে ফেরার মধ্য দিয়ে শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে কয়েকটি এলাকায় এখনো অস্থিরতা থাকায় পরিস্থিতির ওপর নজর রাখছেন সংশ্লিষ্টরা।

