ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে স্বামীর সঙ্গে বিরোধ মীমাংসার কথা বলে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন স্থানীয় সেচ্ছাসেবক দল নেতা ইসমাইল। ইসমাইল শুভাঢ্যা ইউনিয়ন ৬নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক বলে জানা গেছে। এ ঘটনায় থানায় দায়েরকৃত একটি মামলায় রাজু ও শাওন নামে অপর দুইজনকে আসামী করা হয়েছে।
আজ সোমবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ভুক্তভোগী কিশোরী মামলাটি দায়ের করলে অভিযুক্ত ইসমাইলকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ।
মামলার বরাত এবং ভুক্তভোগী ঐ কিশোরীর সাথে কথা বলে জাা যায়, প্রায় দুই বছর আগে ফয়সাল নামের এক যুবকের সঙ্গে ওই কিশোরীর বিয়ে হয়। তাদের একটি সন্তানও রয়েছে। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বর্তমানে তারা আলাদা বসবাস করছেন।
ভুক্তভোগী বলেন, , প্রায় এক মাস আগে ইসমাইলের সঙ্গে তার পরিচয় হয়। তিনি নিজেকে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে স্বামীর সঙ্গে চলমান বিরোধ মীমাংসা করে দেওয়ার আশ্বাস দেন ইসমাইল। যার পরিপ্রেক্ষিতে গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মোবাইল ফোনে কল করে ভুক্তভোগীকে একটি ক্লাবের সামনে যেতে বলেন। সেখানে গিয়ে ক্লাব বন্ধ দেখতে পেয়ে ফোন করলে অভিযুক্ত রাজু তাকে ক্লাবের নিচে থেকে একটি ভাড়া বাসার দ্বিতীয় তলায় নিয়ে যান।
কিশোরীর অভিযোগ, সেখানে যাওয়ার পর আরও কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন। একপর্যায়ে তাকে স্বামীকে তালাক দিতে টাকা লাগবে বলে জানানো হয়। পরে অভিযুক্তরা তাকে ভয়ভীতি দেখিয়ে শারীরিকভাবে হেনস্তা করেন এবং তার ছবি ও ভিডিও ধারণ করেন বলে জানান তিনি।
তিনি আরও জানান, ধারণ করা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে রাত আনুমানিক ১১টার দিকে একটি রুমে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ঘটনার বিষয়টি কাউকে জানালে তাকে ও তার পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবী করেন ভুক্তভোগী।
এ ঘটনায় সুষ্ঠ বিচার দাবী করেন ভুক্তভোগী কিশোরী।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

