কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ২০০ পুরিয়া হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টা ৫ মিনিট থেকে ১০টা ৩৫ মিনিট পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানাধীন ছাটগাঁও এলাকার পুকুরপাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি দক্ষিণের এসআই মো. ইয়াকুব আলীর নেতৃত্বে এবং এসআই শংকর চন্দ্র সরকারসহ একটি দল ছাটগাঁওয়ের পুকুরপাড়ে, মো. কামাল উদ্দিনের বাড়ির উত্তর পাশে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় ২০০ পুরিয়া হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ছাটগাঁও এলাকার মো. কামাল উদ্দিনের ছেলে মো. আমান ফাহিম (৩২), মো. হাসান (২৯) এবং একই এলাকার পুকুরপাড়ের বাসিন্দা মৃত লুৎফর রহমানের ছেলে মো. শরিফুল রহমান শিবলু (৪২)।
ডিবি পুলিশ জানায়, উদ্ধার করা হেরোইনের মোট ওজন ২০ গ্রাম। যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৬০ হাজার টাকা।
এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

