কেরানীগঞ্জে বাসাবাড়িতে ২৫০ গ্যাস সিলিন্ডার অবৈধ মজুদ, ৪০ হাজার টাকা অর্থদণ্ড

অপরাধ সারাদেশ

কেরানীগঞ্জে অভিযান চালিয়ে বাসাবাড়িতে অবৈধভাবে মজুদ করে রাখা ২৫০টি এলপিজি গ্যাস সিলিন্ডার জব্দ ও গ্যাসের ডিলার মোহাম্মদ ইলিয়াসকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় নিরাপত্তার গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের শাহপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা এনএসআই, ঢাকা কার্যালয়ের তথ্য ও সার্বিক সহযোগিতায় অভিযানটি পরিচালনা করেন কেরানীগঞ্জ মডেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার। এ সময় কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

অভিযানে শাহপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াসের উঁচু প্রাচীরঘেরা বাড়ির ভেতর থেকে পেট্রোম্যাক্স এলপিজি ব্র্যান্ডের ১২ কেজি ওজনের ২৫০টি রিফিল করা অক্ষত গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, মোহাম্মদ ইলিয়াস রোহিতপুর বাজারের লাইসেন্সপ্রাপ্ত এলপিজি সিলিন্ডার গ্যাসের ডিলার এবং সেখানে তার একটি বৈধ গোডাউন রয়েছে। তবে গ্যাসের সংকট তৈরি করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তিনি নিজ বাড়িতে অবৈধভাবে সিলিন্ডারগুলো মজুদ করে রেখেছিলেন বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৩ ধারার ৬(১) অনুযায়ী মোহাম্মদ ইলিয়াসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত জরিমানার অর্থ আদায় করে।